হজ: তাপমাত্রা বাড়ছে মিনা-মুজদালিফায়, সতর্ক থাকার তাগিদ

 


সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সৌদি সরকার।

মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ার তথ্য দিয়ে হজ করতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


দেশটির ওই মন্ত্রণালয়ের বরাতে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।


এমন অবস্থায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে যথাযথ প্রস্তুতি নিতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে সৌদি এই মন্ত্রণালয়।

একই সঙ্গে হজ করতে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি সূর্যের আলো, তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


এছাড়া সংশ্লিষ্ট সব স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে।

গত ২১ মে এ বছর হজের প্রাক-ফ্লাইট সম্পন্ন হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যানুযায়ী, শুক্রবার রাত ২টা পর্যন্ত হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


এদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৪৬৪ জন, বেসরকারি মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।


এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য সংখ্যা ৭৭৪ জন।


আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে; যা আগামী ৩০ জুন শেষ হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing