বেলুচিস্তানে সামরিক অভিযানে ২১৬ বিচ্ছিন্নতাবাদী নিহতের দাবি
![]() |
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এক সপ্তাহের সামরিক অভিযানে অন্তত ২১৬ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাক সেনাবাহিনী। খবর রয়টার্সের।
গত শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের আরও ১২টি শহরে ‘সমন্বিতভাবে’ হামলা চালায় জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা স্কুল, ব্যাংক, মার্কেট, নিরাপত্তা বাহিনীর স্থাপনসহ সরকারি দপ্তরগুলোতে একযোগে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। তাদের এসব হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও ৩৬ জন বেসামরিক নিহত হন বলে রয়টার্স জানিয়েছে।
পাকিস্তানের খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু সবচেয়ে দরিদ্র এই প্রদেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা এটি। প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে।
এরপর ‘রাদ্দুল ফিতনা-১’ নামে একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। এই অভিযানের লক্ষ্য ছিল অস্থিরতা ও সহিংসতা দমন করা। সেনাবাহিনীর দাবি, সুনির্দিষ্ট পরিকল্পনা, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপে অভিযানটি সফলভাবে পরিচালিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানের আওতায় পুরো বেলুচিস্তানজুড়ে মোট ২১৬ জন সশস্ত্র বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের শুরুতে বিদ্রোহীরা কয়েকটি এলাকায় সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করে নেয়। মরুভূমি ঘেরা নুশকি শহর প্রায় তিনদিন তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে সেনাবাহিনীর অভিযানে সেখান থেকে বিদ্রোহীদের হটানো হয়।
নুশকিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটির সীমানা ইরান ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত। এখানে চীনের অর্থায়নে গড়ে ওঠা গওয়াদার গভীর সমুদ্রবন্দরসহ একাধিক বড় প্রকল্প রয়েছে।
দীর্ঘদিন ধরেই এই প্রদেশে সহিংসতা চলছে। স্থানীয় জাতিগোষ্ঠী বেলুচদের একাংশ অধিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য ভাগের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সাম্প্রতিক এই অভিযান সেই দীর্ঘ সংঘাতেরই আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় যোগ করল।

মন্তব্যসমূহ