জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, বিএনপিকে আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপির সংসদ সদস্যরা ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে আইনি ব্যত্যয় ঘটিয়েছেন। তিনি বলেন, ভোটের আগে এক কথা বলা এবং পরে অন্য কথা বলার মাধ্যমে জনগণের সঙ্গে চাতুরি করলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে।
রোববার (৮ মার্চ) রাজধানীর তোপখানার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন।
সমাবেশে বিএনপি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সামনে এখনো সুযোগ রয়েছে। ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন এবং সংস্কার কাজে যুক্ত হোন। কোনো আইনি মারপ্যাঁচে অভ্যুত্থানের অর্জন ধূলিসাৎ করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির এমপিরা তা না করে আইন লঙ্ঘন করেছেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে বিএনপি জনমনে বিরূপ প্রভাব পড়ার ভয়ে ‘হ্যাঁ’–এর কথা বললেও, ভোট শেষে ‘না’ বেছে নেওয়া হয়েছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট চাতুরি। শুধু নির্বাচন আদায়ের জন্যই গণভোটে রাজি হওয়ার নাটক করেছিল বিএনপি।
আখতার হোসেন বলেন, ‘জনগণ সব দেখছে। আওয়ামী লীগ নিজেদের অনেক শক্তিশালী মনে করেছিল, কিন্তু তারা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়নি। বরং জনগণ রাস্তায় নেমে তাদের বিতাড়িত করেছে। বিএনপি যদি মনে করে ভোটের আগে জনগণকে সন্তুষ্ট রেখে পরে রায় প্রত্যাখ্যান করবে, তবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’

মন্তব্যসমূহ