বিশ্বকাপে না খেলতে ট্রাম্পের সতর্কবার্তা, জবাবে যা বললো ইরান
![]() |
| সংগৃহীত ছবি |
ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। খবর ডেইলি মেইলের।
ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তার কারণে ইরানের উচিত আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো। যার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের দল জানায়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ নির্ধারিত হয় না।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আসর। এর পরিচালনাকারী ফিফা; কোনো ব্যক্তি বা একক দেশ নয়।’ তারা আরও জানায়, এশিয়ান বাছাইপর্বে ধারাবাহিক জয়ের মাধ্যমে ইরান যোগ্যতা অর্জন করেছে এবং ‘কেউই ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।’
দলের বক্তব্যে আরও বলা হয়, ‘যে দেশ কেবল ‘‘আয়োজক’’ নাম ধারণ করে কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না; বরং সেই দেশই এই বৈশ্বিক আসর থেকে বাদ পড়ার যোগ্য।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালায়।
এই পরিস্থিতিতে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, ‘ইরানের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে অংশগ্রহণ করা উচিত নয়।’
তবে ইরানের জাতীয় দলের অবস্থানের সঙ্গে কিছুটা ভিন্ন মত দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামলি। তিনি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের নেতাকে হত্যা করার পর এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেয়ার কোনো মানেই নেই।’ এর আগে ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া কঠিন।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর। গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলসে ইরানের ম্যাচ আছে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। আর মিসরের বিপক্ষে সিয়াটলে খেলার কথা দলটির।
এশিয়ান বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরান। এদিকে, ফিফা সভাপতি সম্প্রতি জানান যে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছিলেন। তবে পরবর্তীতে নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভিন্ন মন্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্যসমূহ