খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
![]() |
| মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত |
আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে আহমাদ হানজালা বলেন, এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছে। এজন্য আমাদের জমা-খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না- আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেত্রীবৃন্দ কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি।
খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে, তা আপনারা দেখেননি। তাহলে আপনারা কি মনে করছেন, আমি চুপ করে আছি? আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল- আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।
আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না জানিয়ে তিনি বলেন, আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
হানজালা আরও বলেন, আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কাউকে ঠিকমতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি। আমার নামে লেখালেখি করবেন- আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই বাকস্বাধীনতা দিয়েছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বর্তমানে উপজেলাজুড়ে এমপি হানজালার একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
কয়েকজন জানান, তিনি একজন এমপি হয়ে এ ধরনের কথা বলতে পারেন না। আমাদের শিবচরে তার এই বক্তব্য নিয়ে নানা সমালোচনা চলছে।
এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন, শিবচরের বর্তমান এমপি এবং তার পরিবার পাঁচ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। আসলে তিনি যেটা চাচ্ছেন, তা হলো শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটানো। শিবচরে যে শান্তিপূর্ণ ও স্বাভাবিক সামাজিক পরিবেশ রয়েছে, তা উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি।

মন্তব্যসমূহ