সুপ্রিম কোর্ট বারের নির্বাচন: প্রথম দিনের ভোট চলছে
১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে।
বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টার (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত) বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।
সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন।
বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে লড়ছেন সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী। দুটি সহ সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং দুটি সহ সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছেন- এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী।
জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার লড়ছেন।
দুটি সহ সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম এবং দুটি সহ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।
এই প্যানেলের সাতটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান এবং মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকে এবার সভাপতি পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং একটি সহ সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী লড়ছেন।
তাদের চারজন সদস্য প্রার্থী হলেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।
আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন চল্লিশের বেশি আওয়ামী লীগপন্থি আইনজীবীর মনোনয়নপত্র বাতিল করে।
প্রধান এই প্যানেলগুলোর বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক পদে আলাদাভাবে লড়ছেন ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক এবং মোহাম্মদ আশরাফ উজ-জামান খান।
এছাড়া সদস্য পদে লড়ছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।
এর আগে সবশেষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের মার্চে। ওই নির্বাচনে ১৪ পদের মধ্যে সভাপতিসহ চারটিতে বিএনপিপন্থি এবং সম্পাদকসহ বাকি ১০টি পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা জয়ী হন।

মন্তব্যসমূহ