বাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছিলেন বিজয়, যা ঘটেছিল থালাপতির জীবনে
![]() |
| নিজের মা-বাবার সঙ্গে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত |
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ থেকে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জীবন যেন সিনেমার চেয়েও নাটকীয়। তবে জানেন কি, রাজনীতিতে আসার বহু আগে নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিয়েছিলেন এই অভিনেতা।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ে বিজয়। তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। এরপর রোববার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। কিন্তু রাজনীতির এই সাফল্যের পথ এতটা সহজ ছিল না।
২০২১ সালে হঠাৎ করেই শোরগোল পড়ে যায়, যখন খবর আসে বিজয় তার বাবা এস এ চন্দ্রশেখর ও তার মা শোভা চন্দ্রশেখরসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ ছিল, তার অনুমতি ছাড়াই ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে ফ্যান ক্লাবকে রাজনৈতিক দলে রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছিল। শুধু তাই নয়, রাজনৈতিক কাজে তার নাম, ছবি ও ফ্যানবেজ ব্যবহার করা নিয়েও আপত্তি জানান অভিনেতা।
সে সময় বিজয়ের বাবা চন্দ্রশেখর বলেছিলেন, বাবা-ছেলের মধ্যে মতভেদ হতেই পারে। তবে শেষ পর্যন্ত সম্পর্ক ঠিক হয়ে যায়। অন্যদিকে বিজয়ের মা শোভাবও জানিয়েছিলেন, ছেলের অনুমতি না নিয়েই এই রাজনৈতিক উদ্যোগ নেয়া হয়েছিল।
একসময় রাজনীতিতে আসতে না চাওয়া সেই বিজয়ই পরে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক দল গঠন করেন। আর মাত্র দুই বছরের মধ্যেই তামিল রাজনীতির দীর্ঘদিনের দুই শক্তিশালী দল ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেন তিনি। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের এই যাত্রা এখন ভারতীয় রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায়।

মন্তব্যসমূহ