নারী আসন: এনসিপির জ্যোতির মনোনয়নপত্র বৈধ


 “আমি সংসদে থাকি না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব,” বলেন জ্যোতি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


শনিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।


তিনি বলেন, “নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আদালতের আদেশে গ্রহণ করেছি এবং আজ বাছাইয়ে বৈধ ঘোষণা করা হল।”

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যান, পরে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম বলেন, “গেজেট প্রকাশ হওয়ার পর শপথের বিষয় আসবে। দাপ্তরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত এতোদূর চিন্তা করছি না।”


তিনি বলেন, “আমি সংসদে থাকি না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, তা সবসময় মেনে চলব।”

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন, আর স্বতন্ত্র জোটের একজনকে মনোনীত করে। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।


জামায়াত জোটের ১৩ জনের মধ্যে এনসিপির প্রার্থী ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২৩ এপ্রিল বাছাইয়ে বাকি সবার মনোনয়নপত্র গৃহীত হলেও মনিরা শারমিনের মনোয়নপত্র বাতিল করা হয়।

নুসরাতের আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, “আইন অনুযায়ী এক দলের পক্ষে থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। এনসিপির পক্ষ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। যার মধ্যে মনিরা শারমিনের মনোনয়ন আইনগত কারণে গ্রহণ করা হয়নি।


“আপিল করলে ইসি তার আপিলও খারিজ করে। তিনি এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখান থেকে ভিন্ন কোনো আদেশ আসলে ইসি ও দল হিসাবে এনসিপি তা অনুসরণ করবে।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing