মাদারীপুরে ১৫ বছরের কিশোরী নিখোঁজ: অপহরণ মামলায় গ্রেপ্তার ২, তবুও মেলেনি সন্ধান, অসহায় পিতার আকুতি
মাদারীপুরে প্রাইভেটে যাওয়ার পথে তাহিরা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও এখনো কিশোরীর কোনো সন্ধান মেলেনি। দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন অসহায় পিতা মোঃ আব্দুল আল মামুন (৩৫)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোঃ আব্দুল আল মামুন, পিতা: আব্দুল খালেক মিয়া, দীর্ঘ ১৯ বছর ধরে মাদারীপুরে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি মাদারীপুর পৌরসভার ঘোরোন চত্বর পূর্ব রাস্তি এলাকার মহিউদ্দিন খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং কোহিনূর কেমিক্যালে সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
পরিবারের অভিযোগ, গত ১১ মে ২০২৬ তারিখ সকালে তাহেরা প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে হৃদয় নপ্তি (২৮) ও তার সহযোগীরা তাকে অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা প্রথমে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: জি.আর-৫২, তারিখ: ১৩ মে ২০২৬, বৎসরিক নম্বর: ৩৪৭, ধারা: ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (অপহরণ মামলা)।
মামলার পর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠান। তবে এখনো নিখোঁজ কিশোরী তাহেরাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অসহায় পিতা মোঃ আব্দুল আল মামুন বলেন, “আমি আমার মেয়েকে দ্রুত ফিরে পেতে চাই। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি। কেউ আমার মেয়ের সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন।”
পরিবারের পক্ষ থেকে দ্রুত কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


মন্তব্যসমূহ