আমেরিকা খুলে দিল ৬৪ হাজার ভিসার দরজা! কারা পাবেন সুযোগ?


 যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটা ছাড়াও অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা অনুমোদনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে—দেশীয় কর্মীর অভাবে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েছেন, তাদের স্বার্থ রক্ষার জন্যই এই অতিরিক্ত ভিসা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বার্ষিক নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাবে।


এই সিদ্ধান্তের ফলে নির্মাণ খাত, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ শ্রমনির্ভর মৌসুমি খাতগুলো সবচেয়ে বেশি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর ঘাটতির কারণে বিদেশি শ্রমিক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন উদ্যোক্তারা।

যদিও ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তবে বৈধ পথে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে এই নমনীয় নীতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও শ্রম সংকট মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তিও রয়েছে। অভিবাসন সীমিত রাখার পক্ষে থাকা বিভিন্ন সংগঠনের আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক এলে দেশীয় কর্মীদের মজুরি হ্রাস পেতে পারে।


এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়নমূলক প্রকল্প ও পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিক অপরিহার্য। ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে।

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,