একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না: নাহিদ ইসলাম
একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে আমরা গণঅভ্যুত্থান করিনি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-০২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানা সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।
এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস রূপ ধারণ করেছে। তারা হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করছে। আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে, বিগত ১৭ মাসে তারা একই ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ডের কারণেই বিতাড়িত করেছিলাম। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে, আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতাড়িত করব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী সারোয়ার তুষার-এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব আওলাত হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলা এনসিপির আহ্বায়ক আল-হাসিব ভূইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাফায়েত রোমানসহ এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ