মাদারীপুর-১ আসনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপিপ্রার্থী নাদিরা
![]() |
| বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা চৌধুরী। |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুর-১ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে একযোগে ১০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
তবে ভোটারদের ধারণা এই আসনটিতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। এরা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা চৌধুরী, ১০ দল জোটের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা এবং স্বতন্ত্র জাহাজ প্রতীকের প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
এদিকে লাইনে দাঁড়িয়ে সকাল সাড়ে সাতটায় রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা বাহাদুরপুর কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।
সকাল ৮টার দিকে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা অলি আহম্মেদ কিল্ডার গার্ডেনে ভোট প্রদান করেন, এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা চৌধুরী ৭৪ নং খাড়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
সারাদিনে শান্তিপূর্ণ ভোট হলে বিজয়ের ব্যাপারে প্রার্থীরা শতভাগ নিশ্চিত করলেও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষের প্রার্থীর অভিযোগ রয়েছে অর্থের বিনিময় ভোট কেনার।
এই আসনটিতে পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৬২ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৯৬৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কঠোর অবস্থানে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ