মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

 


মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ইউনিয়নের বালিয়া এলাকায় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকালে দুই পরিবারের নারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়াকে মারধর করেন নাসিরের স্ত্রী ও মেয়ে। এই ঘটনার সূত্র ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। পুলিশ ও র‍্যাব গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


উল্লেখ্য, গত কয়েক দিনে মাদারীপুরে এ ধরনের সংঘর্ষের প্রবণতা বেড়েছে। গত শনিবার ‘নতুন মাদারীপুর’ এলাকায় দীর্ঘ চার ঘণ্টা ব্যাপী সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটে। এ ছাড়া সোমবার রাতেও শহরের বলরাম মন্দির এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী