ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ
![]() |
| ড. ইউনূসকে গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ। ছবি: সংগৃহীত |
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
সাক্ষাৎকালে আবিদুল ইসলাম খান তার লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ শীর্ষক বইটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উপহার দেন।
ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম।
জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়।
তিনি আরও লেখেন, রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর লেখা আমার নিজ চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্যটুকু অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যারের কাছে আজ পৌঁছে দিলাম।
আবিদুল লেখেন, সকল ভিন্নমতের মাঝেও জুলাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জুলাইয়ের স্পিরিট বাঁচিয়ে রাখতে কাজ করে যাব।
গণতান্ত্রিক নতুন বাংলাদেশের মানুষের কাছে এটা আমাদের প্রতিজ্ঞা।
এছাড়া ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে অপর এক পোস্টে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মন্তব্যসমূহ