৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বড় ঝুঁকিতে নৌপথে চলাচলকারীরা
![]() |
| ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বড় ঝুঁকিতে নৌপথে চলাচলকারীরা(সংগৃহীত ছবি) |
ঈদযাত্রাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচলকারী যাত্রীরা আজ কালবৈশাখী ঝড়ের ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নদীপথে চলাচলরত জাহাজগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে। বিষয়টি তিনি শতভাগ নিশ্চিত বলে উল্লেখ করেছেন।
পোস্টে তিনি আরও বলেন, এ সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে পদ্মা নদী ও মেঘনা নদী এলাকায় চলাচলরত নৌযানগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় তিনি পরামর্শ দেন, সম্ভব হলে নৌযানগুলোকে দ্রুত নিরাপদ স্থানে নোঙর করে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা উচিত, যাতে ঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর পুনরায় যাত্রা শুরু করা যায়।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, কালবৈশাখী ঝড় স্বল্পস্থায়ী হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি আবহাওয়া ঘটনা। যথাযথ সতর্কতা অবলম্বন করলে নৌ-দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব। এ ধরনের পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্যসমূহ