এশিয়ান গেমস হকি বাছাই রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
![]() |
| চাইনিজ তাইপেকে রুখে দিয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন |
শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়ার পথে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অর্পিতা পাল।
এশিয়ান গেমসের হকি ইভেন্টের বাছাইয়ে প্রথমবার খেলতে নেমে চাইনিজ তাইপের বিপক্ষে শুরুটা দারুণ করল অর্পিতা-রিয়ারা। দ্রুত ঘুরে দাঁড়াল দুইবার এশিয়ান গেমসে খেলা চাইনিজ তাইপেও। একটা পর্যায়ে বাংলাদেশকে কোণঠাসাও করে ফেলে তারা। পরে আবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের রুখে দিল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্র করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। বাংলাদেশের অন্য দুই গোলদাতা আইরিন রিয়া ও কণা আক্তার।
অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন রিয়া। পরের মিনিটেই ফিল্ড গোলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। দশম মিনিটে সার্কেলের ভেতর থেকে আলতো টোকায় বাংলাদেশকে ফের এগিয়ে নেন অর্পিতা।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতা ব্যবধান আরও বাড়ান। এরপরই ছন্দ হারায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে পেই-সান ও ফান হুই-উনের ফিল্ড গোলে সমতায় ফিরে চাইনিজ তাইপে।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে হুয়াং টিন এগিয়ে নেন চাইনিজ তাইপেকে। ৩৬তম মিনিটে টিনের আরেক গোল বাংলাদেশকে ঠেলে দেয় ব্যাকফুটে। হারের প্রবল শঙ্কা উঁকি দিতে থাকে বাংলাদেশ শিবিরে।
৪০তম মিনিটে কণা আক্তারের দৃষ্টিনন্দন গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে, গোলকিপারকে কাটিয়ে রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন তিনি। আর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নারে নিখুঁত হিটে হ্যাটট্রিক পূরণ করেন অর্পিতা এবং সমতায় মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উজবেকিস্তান। বাংলাদেশ ও চাইনিজ তাইপের পয়েন্ট ১ করে।
শুক্রবার রিয়া-অর্পিতারা মুখোমুখি হবেন হংকংকে ৪-০ গোলে উড়িয়ে আসর শুরু করা উজবেকিস্তানের।

মন্তব্যসমূহ