খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ কিনলেন ব্যবসায়ী ফাহিম

 

২০ লাখ টাকায় বিক্রি হলো খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’। ছবি: সংগৃহীত



বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ মে) সিলেটের ব্যবসায়ী ফাহিম গরুটি কিনে নেন। শুরুতে গরুটির দাম হাঁকা হয়েছিল ২২ লাখ টাকা।

ক্রয় শেষে ফাহিম আল চৌধুরী বলেন, ‘এটি আমি আবেগের জায়গা থেকে কিনেছি। ম্যাডামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গরুটি কিনেছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’


জানা গেছে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ‘কালো মানিক’কে সিলেটে নেওয়ার প্রস্তুতি চলছে। ঈদুল আজহায় সিলেটেই গরুটি কোরবানি করা হবে।

জানা যায়, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটিকে ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ।



গত বছর পবিত্র ঈদুল আজহায় গরুটি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল। পরে তিনি গরুটি আবার খামারি সোহাগ মৃধাকেই ফিরিয়ে দেন, যাতে পরিবারটি আর্থিকভাবে লাভবান হতে পারে।

গরু বিক্রির পর সোহাগ মৃধা বলেন, ‘২০ লাখ টাকায় আমাদের কালো মানিককে বিক্রি করেছি। এই টাকা দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। তারপর বাকী টাকা দিয়ে নিজের সচ্ছলতা ফেরাতে একটি গরুর ফার্ম দেব। আমি খুবই খুশি যে গরুটি এই দামে বিক্রি করতে পেরেছি। যিনি কিনেছেন তিনিও সন্তুষ্ট। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন পরিবারসহ। আমরা এখন সিলেটেই আছি।’

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘এত বছর পেলে-পুষে গরুটি বড় করেছি। যদিও একটু খারাপ লাগছে। তবে আমরা ভালো দাম পেয়েছি। এ দিয়ে আমরা ভালোভাবে দিনযাপন করতে পারব।’


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing