আপাতত লিভার প্রতিস্থাপন হচ্ছে না কারিনা কায়সারের
![]() |
| কারিনা কায়সার/সংগৃহীত |
ফুসফুসে অতিরিক্ত তরল ও কফ জমে আছে এবং লিভারেও রয়েছে ভাইরাসজনিত সংক্রমণ
ফুসফুসে জটিলতা ও লিভারে ভাইরাল সংক্রমণে গুরুতর অসুস্থ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তার শরীর লিভার ট্রান্সপ্লান্টের মতো বড় অস্ত্রোপচার সহ্য করার অবস্থায় নেই।
কারিনার মা লোপা কায়সার জানান, চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রধান লক্ষ্য এখন তাকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। কারণ তার ফুসফুসে অতিরিক্ত তরল ও কফ জমে আছে, পাশাপাশি লিভারেও রয়েছে ভাইরাসজনিত সংক্রমণ।
তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে। এখনই লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক সক্ষমতা কারিনার নেই।”
বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়ার পুরো যাত্রাটিও কারিনার জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবারের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথের ধকলের কারণে হাসপাতালে পৌঁছানোর পর তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন আরও বেড়ে যায়। বাংলাদেশে যেখানে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল, চেন্নাইয়ে পৌঁছানোর পর তা ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হয়।
লোপা কায়সার আরও জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে স্থানান্তরের সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ কমে যায়। পরে দ্রুত চিকিৎসকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে চেন্নাইয়ে কারিনার সঙ্গে রয়েছেন তার মা ও দুই ভাই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট ভাই সাদাত হামিদের রক্তের গ্রুপের সঙ্গে কারিনার মিল পাওয়া গেছে। ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হলে তিনিই সম্ভাব্য ডোনার হতে পারেন বলে মত দিয়েছেন চিকিৎসকরা
।চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করে কারিনার মা বলেন, “সিএমসি হাসপাতালের চিকিৎসকরা খুব আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
সোমবার রাত ১১টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয় কারিনাকে। এর আগে তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার একটি হাসপাতালে লিভারের জটিলতা নিয়ে ভর্তি ছিলেন। শুক্রবার অবস্থার অবনতি হলে তীব্র জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা হেপাটাইটিসে আক্রান্ত। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিয়মিত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

মন্তব্যসমূহ