রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন, ‘দারুণ মজা’
তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহ নিয়ে দেখেন এবং মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন।
আমের পাশাপাশি রাজশাহীর কালাই রুটির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
মঙ্গলবার বিকালে তিনি নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শন করেন।
এ সময় তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহ নিয়ে দেখেন এবং মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন।
শুধু কালাই রুটিই নয়, তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস রান্নার প্রক্রিয়াও দেখেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজ করেন।
খাওয়া-দাওয়া শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ তার কাছে অসাধারণ রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবার তার কাছে খুবই ভালো লেগেছে।
তিনি বলেন, “দারুন মজা।”
রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকে তাকে এক নজর দেখতে ‘রুমন কালাই হাউজ’-এ ভিড় করেন।
এ সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে রাষ্ট্রদূত রাজশাহীর পুঠিয়া উপজেলায় উত্তরাঞ্চলের সবচেয়ে বড় আড়ত বানেশ্বরে গিয়ে আমের স্বাদ নেন।
তখন তিনি সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তার মতে, কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে তা দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা আলাদা।

মন্তব্যসমূহ