কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে
![]() |
| শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি (চিত্র: মুখ্যমন্ত্রীর মিডিয়া টিম) |
কলকাতা হাইকোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী-সহ অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে বুধবার সকাল 10টায় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি ।
কলকাতা, 9 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে । কলকাতা হাইকোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী-সহ অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে বুধবার সকাল 10টায় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি । শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ রাজ্যের একাধিক আমলা ।
বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগে কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন । তাঁকে কলকাতা বার পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি । বিচারপতি ঘুগে বলেন যে, বারের সদস্যদের জন্য তাঁর দরজা সর্বদা খোলা । তিনি আইনজীবীদের বার-সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, অন্যান্য বিচারপতিদের সহায়তায় তিনি সমস্যাগুলো সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঘুগে এদিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কলেজে আইন নিয়ে পড়াশোনা শুরুর দিকে তিনি বাড়ি থেকে সাইকেল চালিয়ে যাতায়াত করতেন ৷ বর্তমানে বিচার বিভাগের সর্বোচ্চ আসনে আসীন হয়ে তিনি সবাইকে পরামর্শ দেন যে, সততা ও পেশার প্রতি ভালোবাসার মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব । তাঁর প্রার্থনা, যেন ঈশ্বর পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সকল সদস্যের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন ।
কলকাতা হাইকোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি এদিন তাঁর ভাষণে উল্লেখ করেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসুর মাটি এই পশ্চিমবঙ্গ । যে মনীষীরা স্বাধীনতার জন্ম দিয়েছেন ।
বিচার বিভাগের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, "নৈতিকতার সঙ্গে কোনও আপস নয় ৷ কলকাতা হাইকোর্ট সবচেয়ে পুরনো ৷ দেশের মধ্যে এই হাইকোর্টের বার খুবই পরিচিত । তাই আমার বাকি সহযোদ্ধা বিচারপতিদেরও বলছি, বিচারের দরজা সব সময় খোলা রাখা দরকার ৷ সাধারণ মানুষকে বিচার দিতে হবে ৷ বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির দিকে নজর দিতে হবে ৷ আধুনিক প্রযুক্তিকে বিচার ব্যবস্থায় সরলভাবে কাজে লাগাতে হবে ৷ আমি এখনও একজন আইনজীবী ৷ বার ও বেঞ্চের মধ্যে কোনও সমস্যা হলে বসে আলোচনা করে সমাধান করতে হবে ৷"
শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অতিরিক্ত সলিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, বার লাইব্রেরি ক্লাবের সভাপতি সুদীপ্ত সরকার, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কে ধান্দানিয়া এবং সেক্রেটারি ইনকর্পোরেটেড ল সোসাইটি পরিতোষ সিংহ হাইকোর্ট পরিবারের সদস্য হিসাবে প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়েছেন ।

মন্তব্যসমূহ