৪১ পেরিয়েও ক্রোয়েশিয়ার হয়ে খেলবেন মদ্রিচ

 

লুকা মদ্রিচ। ছবি: রয়টার্স

অভিজ্ঞ মিডফিল্ডারের জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ খুবই খুশি।


লুকা মদ্রিচের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটল। ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।


মদ্রিচের বয়স ৪১ পূর্ণ হবে আগামী বুধবার। গত ৩ জুলাই বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়ার বিদায়ের পর, তিনি আবারও জাতীয় দলের হয়ে খেলবেন কি না, তা নিয়ে ছিল সংশয়।


তবে ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) শনিবার জানিয়েছে, তাদের অধিনায়ক আসন্ন নেশন্স লিগের ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান।

চেকিয়া, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করবেন কোচ স্লাভেন বিলিচ, এবং দলে থাকবেন ব্যালন দ’র জয়ী মিডফিল্ডার।


মদ্রিচের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দ্বিতীয় মেয়াদে ক্রোয়েশিয়ার ডাগআউটে ফেরা বিলিচ।


“অবশ্যই, লুকার সিদ্ধান্তে আমি খুবই খুশি, কারণ আমরা সবাই জানি মাঠের ভেতরে ও বাইরে ক্রোয়েশিয়ার জন্য সে কী বয়ে আনে এবং তার গুরুত্ব কতখানি।


“আমি খুবই আনন্দিত যে, ১৪ বছর পর আমরা আবার একসঙ্গে কাজ করব এবং ক্রোয়েশিয়াকে মানসম্মত, সফল ও বিশ্বের সেরাদের সমকক্ষ করে তোলার দৃঢ় আকাঙ্ক্ষা আমাদের রয়েছে।”

২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার দায়িত্বে থাকাকালীন মদ্রিচের উদীয়মান আন্তর্জাতিক ক্যারিয়ারকে পথ দেখাতে সাহায্য করেছিলেন বিলিচ। তিনি প্রথমবার ক্রোয়েশিয়ার দায়িত্ব পাওয়ার ঠিক আগে, ২০০৬ সালের মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মদ্রিচের। দেশের হয়ে এখন পর্যন্ত ২০২ ম্যাচ খেলেছেন তিনি।


রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মদ্রিচ। সেবার ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি, যেখানে তারা হেরে যায় ফ্রান্সের কাছে। চার বছর পর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দলের তৃতীয় স্থান অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের।


ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় রেয়াল মাদ্রিদে কাটানো এই তারকা গত বছর এসি মিলানে যোগ দেন।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে নেশন্স লিগে চেকিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে একবার এবং স্পেনের বিপক্ষে দুইবার খেলবে ক্রোয়েশিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী