ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার থেকে ফাঁকা গুলি ছোড়া যুবক আটক,রিভলবার উদ্ধার।




ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে প্রাইভেটকার থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে ঢাকার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় একই গাড়িতে থাকা ফাতেমা ইসলাম এনি (২৬) নামে এক নারী আরোহীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার পর হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে .২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় চকলেট রঙের একটি প্রাইভেটকার থামিয়ে সিগারেট কিনতে যান হামিদুল। এ সময় অজ্ঞাতনামা এক যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হামিদুলকে দুটি থাপ্পড় দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায় , এরপর হামিদুল গাড়িতে উঠে সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ওই যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ঘটনার সময় গাড়িতে একজন নারী আরোহী ছিলেন বলে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে।


খবর পেয়ে ভাঙ্গা থানার কিলো-৭৭ পেট্রোল পার্টির এসআই প্রশান্ত কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে প্রাইভেটকারটি দ্রুত গোপালগঞ্জের দিকে চলে যায়। পরে সড়কে পুলিশ চেকপোস্ট বসানো হলেও হামিদুল অন্য সড়ক ব্যবহার করে পুলিশের চোখ এড়িয়ে চলে যান বলে পুলিশ জানায়।

পরবর্তীতে পুলিশ অনুসন্ধান চালিয়ে হামিদুলের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করেন। মামলাটি অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় করা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত চলাকালে ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১-এর সহযোগিতায় ঢাকার এলাকা থেকে হামিদুল গাজী ও তার সঙ্গে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে এবং এসআই মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ খালেদ হোসেন ও এএসআই আতাউর রহমান সহ সঙ্গী ফোর্স নিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে হামিদুলের নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার দেখানো মতে .২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী