১০৫০ টাকার সার ১৩৫০ টাকায় বিক্রি, দোকানীকে ১ লাখ টাকা জরিমানা
মাদারীপুরের শিবচরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুতুরপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা হলেও কুতুরপুর বাজারে সেই সার ১ হাজার ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স এন্ড এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছিল। তা ছাড়া কুতুরপুর ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ওই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিক্রি করেছে। যা রীতিমত অপরাধ। তাই মোল্লা ট্রেডার্স এন্ড এন্টারপ্রাইজে ১ লাখ টাকা জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

মন্তব্যসমূহ