তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তার সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা জাদুঘরটির উদ্বোধনে অংশ নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়।
জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিকদূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে দেশটিতে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করাই এ আন্দোলনের উদ্দেশ্য।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান তিনি। সফরকালে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস।

মন্তব্যসমূহ