আফ্রিকান সুন্দরীদের যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে না ট্রাম্প প্রশাসন, মিস ইউনিভার্সে অংশ নেয়া অনিশ্চিত

 

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করছেন রোজানা হল। ছবি: বিবিসি



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নিষেধাজ্ঞার মুখে চলতি মাসে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার অন্তত দুজন প্রতিযোগী। নির্ধারিত সময়ে মার্কিন ভিসা না পাওয়ায় তারা বৈশ্বিক এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছেন।


মিস জাম্বিয়া মুবাঙ্গা পামেলা হাতিয়োকা জানিয়েছেন, ভিসা না পাওয়ার কারণে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় বার্ষিক এই মেগা ইভেন্টে তিনি ভ্রমণ করতে পারছেন না। 'মিস জাম্বিয়া ২০২৬'-এর ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী প্রতিষ্ঠান 'আর্ম মডেল ম্যানেজমেন্ট' এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মিস জাম্বিয়ার এই অনুপস্থিতি মূলত 'জাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর ওপর জারি করা মার্কিন রাষ্ট্রপতির ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত।' বিবৃতিতে আরও বলা হয়, 'তিনি নিজের যোগ্যতায় মুকুট অর্জন করেছেন, নিজের যোগ্যতায় এই খেতাব জিতেছেন এবং যে দেশকে তিনি গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেন, বিশ্বমঞ্চে সেই দেশের হয়ে দাঁড়ানোর অধিকার তাঁর প্রাপ্য।'

এদিকে জিম্বাবুয়ের প্রতিযোগী রোসানা হলও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে তিনিও এখনো মার্কিন ভিসা পাননি। তবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, 'আমি হাল ছেড়ে দেব না।' বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ সুদান এবং কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিযোগীরাও একই ধরনের ভিসা জটিলতা ও বিলম্বের মুখোমুখি হয়েছেন।


এ বিষয়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিযোগীদের ভিসা না পাওয়ার সুনির্দিষ্ট কারণও স্পষ্ট করা হয়নি।


মার্কিন ভূখণ্ড পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় এবারের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দেশের তালিকায় আফ্রিকার ২০টি দেশের নাম তালিকাভুক্ত করেছিল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

কঠোর অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আইনি অভিবাসনের বেশ কিছু পথ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন; যার মধ্যে রয়েছে কঠোর ভিসা নিষেধাজ্ঞা যা আফ্রিকার দেশগুলোকে সবচেয়ে মারাত্মকভাবে আঘাত করেছে। গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন বিশ্বের ৩৬টি দেশের ওপর পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসা কড়াকড়ি আরোপ করে—যার মধ্যে ২৯টি দেশই আফ্রিকার।


পরবর্তীতে ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন জাম্বিয়া ও জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করে এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ায়। একই সঙ্গে কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয় এবং দক্ষিণ সুদানকেও এই তালিকায় যুক্ত করা হয়।


হোমল্যান্ড সিকিউরিটি তাদের এই কঠোর পদক্ষেপকে সমর্থন করে জানিয়েছিল যে, তারা 'আমাদের জাতীয় সুরক্ষাকে ক্ষুণ্নকারী বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে।'

তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর আরোপিত এমন কঠোর ভিসা বিধিমালার বিরুদ্ধে কয়েক দশক ধরে অভিযোগ জানিয়ে আসছেন আফ্রিকার সাধারণ নাগরিকেরা। পশ্চিমা দেশগুলো একে অভিবাসন নিয়ন্ত্রণ ও জালিয়াতি রোধের কৌশল বললেও আফ্রিকানদের দাবি—এই নিয়মগুলো তাদের বৈধ পেশাগত, ব্যবসায়িক ও উচ্চশিক্ষার সুযোগ নষ্ট করছে। 


এমনকি সন্তান জন্ম, বিয়ে কিংবা শেষকৃত্যের মতো পারিবারিক গুরুত্বপূর্ণ আয়োজনেও স্বজনদের উপস্থিত হওয়া অসম্ভব করে তুলছে। গত এক দশকে পশ্চিমা দেশগুলোতে অভিবাসনবিরোধী গণমনোভাব বৃদ্ধি পাওয়ার পর থেকে এই বিধিনিষেধগুলো দিন দিন আরও বেশি কঠোর রূপ ধারণ করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ